ইউক্রেন যুদ্ধের মধ্যে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনায় আরও বড় অঙ্কের অর্থ বরাদ্দের পথে রাশিয়া। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরে প্রতিরক্ষা খাতে ৫০ ট্রিলিয়ন রুবলের বেশি ব্যয়ের পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এত বড় সামরিক বরাদ্দ আর দেখেনি রাশিয়া। নতুন এই বাজেট দেশটির সামরিক অগ্রাধিকারের পাশাপাশি যুদ্ধের অর্থনৈতিক চাপ নিয়েও প্রশ্ন তুলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৭-২০২৯ মেয়াদের ফেডারেল বাজেট প্রস্তাবের তৃতীয় ও চূড়ান্ত পাঠে অনুমোদন দেন স্টেট ডুমার সদস্যরা। তবে আইন কার্যকর হতে হলে প্রস্তাবটি পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের অনুমোদন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর প্রয়োজন।
নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে ১৭ দশমিক ১৫ ট্রিলিয়ন রুবল, যা প্রায় ২০ হাজার ৮৯০ কোটি ডলারের সমান। ২০২৬ সালের জন্য নির্ধারিত ১২ দশমিক ৯৩ ট্রিলিয়ন রুবলের তুলনায় এ বরাদ্দ প্রায় ৩৩ শতাংশ বেশি। ২০২৮ সালে সামরিক খাতে ১৬ দশমিক ৬১ ট্রিলিয়ন এবং ২০২৯ সালে ১৬ দশমিক ৩০ ট্রিলিয়ন রুবল ব্যয়ের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে তিন বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দাঁড়াবে ৫০ ট্রিলিয়ন রুবলের বেশি।
শুধু প্রতিরক্ষা খাতেই নয়, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্যও বড় অঙ্কের অর্থ রাখছে মস্কো। ২০২৭ সালে প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে সম্মিলিতভাবে ব্যয় হবে প্রায় ২১ দশমিক ৩ ট্রিলিয়ন রুবল। এটি ওই বছরের মোট সরকারি ব্যয়ের প্রায় ৪৪ শতাংশ। এর মধ্যে শুধু প্রতিরক্ষা খাতের অংশই মোট ফেডারেল ব্যয়ের ৩৫ দশমিক ২ শতাংশ।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক জানিস ক্লুগের হিসাবও রাশিয়ার সামরিক ব্যয়ের ব্যাপকতা তুলে ধরেছে। তাঁর হিসাবে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৫৮ দশমিক ৩ ট্রিলিয়ন রুবল ব্যয় করেছে। নতুন তিন বছরের বরাদ্দ পুরোপুরি বাস্তবায়িত হলে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক ব্যয়ের পরিমাণ ১০৮ ট্রিলিয়ন রুবল ছাড়িয়ে যেতে পারে। ডলারের হিসাবে তা প্রায় ১ দশমিক ৩১ ট্রিলিয়ন। এই হিসাবের মধ্যে প্রকাশ্য ও গোপন—দুই ধরনের সামরিক ব্যয়ই রয়েছে।
চলতি বছরের প্রথম তিন মাসের ব্যয়ের চিত্রও উদ্বেগজনক। ক্লুগের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার সামরিক ব্যয় ছিল প্রায় ৫ দশমিক ৯ ট্রিলিয়ন রুবল। এ সময়ে দেশটির মোট ফেডারেল ব্যয়ের প্রায় ৪৬ শতাংশই গেছে সামরিক খাতে। আগের বছরের একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৫ ট্রিলিয়ন রুবল। অর্থাৎ এক বছরের ব্যবধানে সামরিক ব্যয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
এদিকে সামরিক ব্যয় বাড়াতে গিয়ে বেসামরিক খাতের বরাদ্দে চাপ তৈরি হচ্ছে। দ্য মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতে ব্যয় তুলনামূলক সীমিত রাখা হয়েছে। অন্যদিকে, সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিও বাজেটের দ্বিতীয় পাঠের আগে যুক্ত করা হয়।
২০২৭ সালের জন্য রাশিয়ার মোট ফেডারেল ব্যয় ধরা হয়েছে ৪৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন রুবল। বিপরীতে আয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ৪৩ দশমিক ৩ ট্রিলিয়ন রুবল। ফলে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ৫ দশমিক ৪৪ ট্রিলিয়ন রুবল, যা দেশটির মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ২ শতাংশ। এই ঘাটতি মূলত সরকারি ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।
যুদ্ধের ব্যয় মেটাতে রাজস্ব বাড়ানোর উদ্যোগও নিয়েছে রুশ সরকার। নতুন বাজেটের সঙ্গে খনন ও খনিজসম্পদ উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মুনাফার ওপর ২০ থেকে ৩০ শতাংশ কর আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগ থেকে আয়, লভ্যাংশ ও সম্পত্তি বিক্রির অর্থের ওপর করের হার ১৩ থেকে ২২ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। বিদেশি পণ্য কেনার অনলাইন লেনদেনেও নতুন শুল্ক ও মূল্য সংযোজন কর বসানোর পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকেই সংগ্রহ করতে চাইছে মস্কো। পশ্চিমা নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিকসংকট এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় রাশিয়ার অর্থনীতিতে চাপ বাড়ছে। ফলে রেকর্ড সামরিক বরাদ্দের পাশাপাশি যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা ধরে রাখাও ক্রেমলিনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সূত্র: এসোসিয়েট প্রেস।