চীনে সেমিকন্ডাক্টর তৈরির সরঞ্জাম রফতানিতে যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নেদারল্যান্ডস। ওয়াশিংটনের প্রস্তাবিত নতুন আইন কার্যকর হলে তা মেনে চলতে বাধ্য হবে না আমস্টারডাম। বরং আইনটি পাস হলে যুক্তরাষ্ট্রকে তা বাস্তবায়ন না করার আহ্বান জানাবে ডাচ সরকার। দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিওর্ড সিওর্ডসমা বলেছেন, চিপ প্রযুক্তি রফতানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেদারল্যান্ডসের নিজস্ব এখতিয়ার এবং এটি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডাচ পার্লামেন্টে এক বিতর্কে অংশ নিয়ে তিনি এ অবস্থান জানান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনওএসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘ম্যাচ অ্যাক্ট’ (MATCH Act) আইনে যে বিধিনিষেধের কথা বলা হয়েছে, তা গ্রহণযোগ্য সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে।
সিওর্ডসমা বলেন, নেদারল্যান্ডসকে অন্য কোনো দেশ নির্দেশ দিয়ে পরিচালনা করতে পারবে না। প্রস্তাবিত আইনটি পাস হলে মার্কিন প্রশাসনকে এটি কার্যকর না করার অনুরোধ জানাবে তার সরকার। একই সঙ্গে আইনটি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রাখবে আমস্টারডাম।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আলোচনাধীন ‘মাল্টিল্যাটারাল অ্যালাইনমেন্ট অব টেকনোলজি কন্ট্রোলস অন হার্ডওয়্যার’ বা MATCH Act-এর লক্ষ্য চীনের উন্নত চিপ উৎপাদন সক্ষমতা সীমিত করা। প্রস্তাবিত আইন অনুযায়ী, নেদারল্যান্ডস ও জাপানের মতো মিত্র দেশগুলোকে চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। তা না হলে এসব দেশের প্রতিষ্ঠানের ওপর একতরফাভাবে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সুযোগ পাবে ওয়াশিংটন।
আইনটি কার্যকর হলে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে নেদারল্যান্ডসভিত্তিক চিপ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এএসএমএল (ASML)। প্রতিষ্ঠানটি উন্নত সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় লিথোগ্রাফি যন্ত্রপাতি উৎপাদন করে। বিশেষ করে চীনে ইমারশন ডিপ আলট্রাভায়োলেট (ডিইউভি) প্রযুক্তির যন্ত্র বিক্রির ওপর নতুন বিধিনিষেধ আসতে পারে।
শুধু নতুন যন্ত্রপাতি বিক্রিই নয়, চীনা গ্রাহকদের কাছে আগে বিক্রি করা যন্ত্রের রক্ষণাবেক্ষণ, মেরামত ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি হতে পারে। এতে চীনে এএসএমএলের ব্যবসা বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে ডাচ সরকারের উদ্বেগের অন্যতম কারণও এটি।
চীন এএসএমএলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে প্রতিষ্ঠানটির মোট বিক্রির প্রায় ২০ শতাংশ আসতে পারে চীন থেকে। তবে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএসের প্রতিবেদনে দেশটির বাজার থেকে এএসএমএলের মোট আয়ের প্রায় ৩০ শতাংশ আসার কথা উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত আইনটি কার্যকর হলে শুধু এএসএমএল নয়, ইউরোপের বৃহত্তর সেমিকন্ডাক্টর শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে নেদারল্যান্ডস। এ কারণে আইনটির বিরোধিতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করছে ডাচ সরকার।
রয়টার্স জানিয়েছে, আইনটি ঠেকাতে ইউরোপীয় কমিশন, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে কাজ করছেন সিওর্ডসমা। এর আগে গত গ্রীষ্মে ওয়াশিংটন সফর করেও এএসএমএলের স্বার্থ রক্ষায় মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তিনি।
নেদারল্যান্ডসের আপত্তির মূল জায়গা শুধু বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা নয়, বরং অন্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা প্রতিষ্ঠার বিষয়টিও। ডাচ সরকারের মতে, নিজ দেশের প্রতিষ্ঠান কোন দেশে কী ধরনের প্রযুক্তি রফতানি করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংশ্লিষ্ট দেশেরই থাকা উচিত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, MATCH Act পাস হলে এর প্রভাব নেদারল্যান্ডসের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ইউরোপের অন্যান্য দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানও মার্কিন বিধিনিষেধের আওতায় পড়ার ঝুঁকিতে থাকবে। এমনকি ইউরোপের নিজস্ব প্রযুক্তি শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে প্রস্তাবিত আইনটি মার্কিন কংগ্রেসে বার্ষিক প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত বিলের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। আগামী ডিসেম্বরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে আইনটি এখনো চূড়ান্তভাবে পাস হয়নি।
আইনটি ঠেকানোর কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কীভাবে এর প্রভাব মোকাবিলা করা যায়, তা নিয়েও প্রস্তুতি নিচ্ছে নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়ন। প্রয়োজনে দ্বিপক্ষীয় ও ইউরোপীয় পর্যায়ে পাল্টা পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক বিরোধে জড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অন্যদিকে এএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফ ফুকেট সতর্ক করেছেন, চীনের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে দেশটি নিজস্ব প্রযুক্তি উন্নয়নে আরও দ্রুত এগিয়ে যেতে পারে। ফলে দীর্ঘ মেয়াদে চিপ উৎপাদনের যন্ত্রপাতির বাজারে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
সূত্র: রয়টার্স ।