রাসায়নিক অস্ত্র তৈরি কিংবা ব্যবহারের পথে ইরান কখনোই এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের এক সদস্য। তেহরান রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ইরান নিজেই অতীতে রাসায়নিক অস্ত্রের ভয়াবহ শিকার হয়েছে। তাই এ ধরনের অস্ত্র তৈরির কোনো যৌক্তিকতা দেশটির নেই।
শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদাহোসেইন মালেকি এ মন্তব্য করেন।
মালেকির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর জন্য একের পর এক নতুন অভিযোগ সামনে আনছে। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রশ্ন তোলা হয়েছিল। এখন রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগকে নতুন চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মালেকি আরও বলেন, ইরান যদি ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষানীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে আধুনিক প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা দেশটির রয়েছে। তবে তাঁর বক্তব্যে রাসায়নিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনার কথা বলা হয়নি; বরং তিনি এ ধরনের অস্ত্রের পথে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দেশটির বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে ইসরায়েল। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, এসব অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা এখনো অর্জন করেনি তেহরান।
ইসরায়েলের এ অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। এমনকি ২৫ নভেম্বর টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এক কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়, ইরান তাৎক্ষণিকভাবে রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এমন স্পষ্ট গোয়েন্দা তথ্য নেই।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, রাসায়নিক অস্ত্র তৈরির দাবি তুলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। তেহরান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানি সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেই ইরানের আইনপ্রণেতারা রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করছেন।
হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ রয়েছে: শাহরাম ইরানি
ইরানের সতর্কতামূলক গুলিতে পথ বদলাল মার্কিন যুদ্ধবিমান