দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন প্রকল্প বন্ধের দাবিতে আর্জেন্টিনার আবেদন খারিজ করে দিয়েছেন জাতিসংঘের (ইউএন) অধীন আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল (আইটিএলওএস)। শনিবার (২৮ নভেম্বর) ১৮-৩ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ব্রিটিশ ও ইসরায়েলি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সি লায়ন’ তেল প্রকল্প সাময়িকভাবে বন্ধের জন্য আর্জেন্টিনার প্রচেষ্টা বড় ধাক্কা খেল।
তবে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তকে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে দেখা হচ্ছে না। সমুদ্রসীমা ও প্রাকৃতিক সম্পদ নিয়ে দুই দেশের আইনি লড়াই অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
জার্মানির হামবুর্গভিত্তিক আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালটি জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের অধীনে প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিচারিক সংস্থা। ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মরিস কামগা শনিবার রায় পড়ে শোনান।
রায়ে বলা হয়, আর্জেন্টিনার আবেদনের ভিত্তিতে গঠিতব্য সালিশি ট্রাইব্যুনালের এখতিয়ার প্রতিষ্ঠার মতো প্রাথমিক আইনি ভিত্তি পাওয়া যাচ্ছে না। কারণ, সংশ্লিষ্ট বিরোধের সঙ্গে দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। অথচ সমুদ্র আইনবিষয়ক এই ট্রাইব্যুনালের সার্বভৌমত্বসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করার এখতিয়ার নেই।
রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের বিরুদ্ধে সালিশি প্রক্রিয়া শুরু করে। এর পাশাপাশি গত ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের কাছে জরুরি অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় দেশটি।
আবেদনে আর্জেন্টিনা দাবি করেছিল, বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকায় তেল অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ জাতিসংঘের প্রস্তনার পরিপন্থী। দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষেরই একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকার কথা রয়েছে। তাই বিরোধপূর্ণ উত্তর মালভিনাস অববাহিকায় সি লায়ন প্রকল্পের আওতায় নতুন করে খননকাজ, উৎপাদন অবকাঠামো স্থাপন এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলনের নতুন অনুমোদন বন্ধ রাখার নির্দেশ চেয়েছিল বুয়েনস এইরেস।
এ ছাড়া বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের মাধ্যমে পাওয়া তথ্য আর্জেন্টিনার স্বার্থের বিরুদ্ধে ব্যবহার না করার নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছিল।
অন্যদিকে, যুক্তরাজ্য আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যানের পক্ষে অবস্থান নেয়। লন্ডনের যুক্তি ছিল, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে বিরোধের নিষ্পত্তি সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের আওতায় এই ট্রাইব্যুনালের কাজ নয়। একই সঙ্গে তেলসম্পদ উন্নয়নের সুযোগ বন্ধ হলে ফকল্যান্ডের বাসিন্দাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করে ব্রিটিশ সরকার।
রায়ের পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ও সরকারের প্রধান আইন উপদেষ্টা এলি রিভস যৌথ বিবৃতিতে সিদ্ধান্তকে স্বাগত জানান। তাঁরা বলেন, ফকল্যান্ডের বাসিন্দাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে আর্জেন্টিনার সম্মান করা উচিত। পাশাপাশি দ্বীপপুঞ্জের ওপর বৃহত্তর অর্থনৈতিক চাপ বন্ধের আহ্বান জানান তাঁরা।
তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জানিয়েছেন, এই সিদ্ধান্তে তাঁদের অবস্থানের অবসান ঘটছে না। কূটনৈতিক, আইনি ও প্রশাসনিক সব ধরনের পথ ব্যবহার করে দেশের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে তাঁর সরকার। তাঁর ভাষায়, ‘এই সিদ্ধান্তই শেষ কথা নয়।’
আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল অবশ্য স্পষ্ট করেছে, অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদন খারিজের অর্থ এই নয় যে, আর্জেন্টিনার মূল অভিযোগের চূড়ান্ত বিচার হয়ে গেছে। ভবিষ্যতে গঠিতব্য সালিশি ট্রাইব্যুনালের এখতিয়ার, আর্জেন্টিনার দাবির গ্রহণযোগ্যতা কিংবা বিরোধের মূল বিষয়বস্তু—কোনোটিরই চূড়ান্ত নিষ্পত্তি এই আদেশে হয়নি। বরং দুই দেশকে দ্রুত সালিশি ট্রাইব্যুনাল গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থিত সি লায়ন তেলক্ষেত্রটি পরিচালনা করছে ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিতাস পেট্রোলিয়াম। প্রকল্পটিতে প্রতিষ্ঠানটির মালিকানা ৬৫ শতাংশ। বাকি ৩৫ শতাংশের মালিক ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন। তেলক্ষেত্রটিতে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্য ট্রাইব্যুনালকে জানিয়েছে, আগামী বছরের মার্চের আগে সেখানে খননকাজ শুরু হবে না। আর তেল উত্তোলন শুরু হতে পারে ২০২৮ সালের মার্চের আগে নয়। এ ছাড়া বিদ্যমান স্থগিত লাইসেন্সিং ব্যবস্থার আওতায় নতুন কোনো অনুমোদন দেওয়া হবে না বলেও জানিয়েছে দেশটি।
প্রকল্পটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপপুঞ্জটি আর্জেন্টিনার প্যাটাগোনিয়া উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। যুক্তরাজ্য দ্বীপপুঞ্জটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে, আর্জেন্টিনা অঞ্চলটিকে মালভিনাস দ্বীপপুঞ্জ নামে অভিহিত করে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে ১০ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ৭৪ দিন ধরে চলা ওই যুদ্ধে শেষ পর্যন্ত আর্জেন্টিনার পরাজয় ঘটে এবং দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে থেকে যায়।
২০১৩ সালে ফকল্যান্ডের বাসিন্দারা এক গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ব্রিটিশ শাসনের অধীনে থাকার পক্ষে মত দেন। ৯৯ শতাংশের বেশি ভোটার যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। তবে আর্জেন্টিনা ওই গণভোটের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। দেশটির যুক্তি, ১৮৩৩ সালের পর ব্রিটেন সেখানে নিজেদের জনসংখ্যা প্রতিষ্ঠা করায় দ্বীপের বর্তমান বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগের বিষয়টি প্রযোজ্য নয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ওয়াশিংটনের অবস্থান পুনর্বিবেচনার আগ্রহ প্রকাশ করার পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই দ্বীপটির ওপর নিজেদের দেশের সার্বভৌমত্বের দাবি আরও জোরালো করেছেন। তেল অনুসন্ধানের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে তাঁর সরকার।
ফলে ট্রাইব্যুনালের সর্বশেষ সিদ্ধান্তে তেল প্রকল্পটি সাময়িকভাবে বন্ধের আইনি বাধা কাটলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা এবং সেখানকার প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: এএফপি