কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানো নিষিদ্ধ করলো আর্জেন্টিনা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত অর্থ ছাপানোর ওপর বিধিনিষেধ আরোপ করে একটি বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে আর্জেন্টিনার সংসদের নিম্নকক্ষ। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব হিসেবে দেশের মুদ্রার মূল্য স্থিতিশীল রাখা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার চেম্বার অব ডেপুটিজে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে সিনেটেও বিলটি পাস হয়েছিল।

অতীতে আর্জেন্টিনার বিভিন্ন সরকার সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপিয়েছে। এর ফলে দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতি তৈরি হয়েছিল। ২০২৩ সালে মূল্যস্ফীতির হার ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।

মিলেই একজন উদারবাদী অর্থনীতিবিদ। ওই বছর ক্ষমতায় আসার আগে তিনি লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তাঁর নেতৃত্বে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি কমেছে। তবে একই সময়ে দারিদ্র্যের হার বেড়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমে যাওয়ায় দেশটি মন্দার দিকেও এগোতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকসংক্রান্ত বিলটি সিনেটে পাস হওয়ার পর প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এটিকে স্বাগত জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটবে।

১৯৩৫ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকটি এতদিন ‘৯১ বছরের লুটপাট, সম্পদ দখল, দায়মুক্তি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের’ শিকার হয়েছে বলে প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়।

চেম্বার অব ডেপুটিজে বিলটির পক্ষে ১৪১ ভোট পড়ে। কোনো সদস্য বিপক্ষে ভোট দেননি। তবে ৯৯ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

এর আগে সিনেটে বিলটি পাস হলেও মিলেইয়ের প্রস্তাবিত একটি বিধান বাদ দেওয়া হয়। ওই বিধানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অপসারণের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট বাধ্যতামূলক করার কথা ছিল।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত