ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সংযম’ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে পুতিনকে ‘রাজনীতির এক মহান ব্যক্তিত্ব’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ডফনারের ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা।
কুশনার বলেন, তাঁর মূল্যায়ন অনুযায়ী পুতিন শুধু শান্তিই চান না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেরও পরিবর্তন ঘটাতে চান। দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু করার কোনো পথ বের করা যায় কি না, সেটিও দেখতে আগ্রহী রুশ প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত পুতিন সংযম দেখিয়েছেন। তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছেন। এটি নিঃসন্দেহে বড় বিষয়। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা তাঁর নেই।’
কুশনার ও যুক্তরাষ্ট্রের আরেক আলোচক স্টিভ উইটকফ কয়েকবার পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সর্বশেষ চলতি মাসে মস্কোর ক্রেমলিনে তাঁদের বৈঠক হয়।
পুতিন সম্পর্কে কুশনার বলেন, ‘তিনি নিঃসন্দেহে রাজনীতির এক মহান ব্যক্তিত্ব, একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব।’
তিনি জানান, আলোচনার সময় পুতিন অনেক নোট নেন এবং অত্যন্ত সুনির্দিষ্টভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। বিভিন্ন ইস্যু সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন কুশনার।
ইউক্রেনের ওপর চাপ দেওয়ার অভিযোগ নাকচ
রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনকে ছাড় দিতে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কুশনার।
তবে ইউক্রেন জানিয়েছে, দেশটির জন্য গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বিলম্বিত করেছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়ও ব্যাহত হয়েছে।
ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতার বিষয়ে কুশনার বলেন, ‘এটি ন্যায্যতা কিংবা কে ঠিক, কে ভুল সেই প্রশ্ন নয়।’
ইউরোপে সময়ের সঙ্গে সীমান্তরেখা পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তির পথ তৈরি হলে কোন জায়গায় সীমান্ত নির্ধারিত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আরও নমনীয় হতে পারে।
চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের সম্ভাবনা তুলেছিলেন।
কুশনার ও উইটকফের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? প্রথমবারের মতো এ বিষয়টি তোলা হয়েছিল।’
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে নিজেদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে কিয়েভ।
জেলেনস্কি বলেছেন, তিনি যদি একটি ‘সমন্বিত নিরাপত্তা প্যাকেজ’ পান, যার মধ্যে শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, তাহলে এ বিষয়ে জনগণের কাছে প্রস্তাব দিতে পারেন।
ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা চান কুশনার
ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা জরুরি বলে মন্তব্য করেছেন কুশনার।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ভবিষ্যতে ইউক্রেন নিরাপদ থাকবে না। তবে এমন নিশ্চয়তা দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে কি না, তা প্রেসিডেন্ট ট্রাম্পকেই নির্ধারণ করতে হবে।’
জেলেনস্কি এর আগে বলেছেন, দনবাস দখল করেই রাশিয়া থেমে থাকবে না; বরং ভবিষ্যতে আরও হামলার পরিকল্পনা রয়েছে মস্কোর। দনবাসের দুটি অঞ্চল ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ।
আলোচনা প্রসঙ্গে কুশনার বলেন, ‘ইশ, যদি দ্রুত এই সমস্যার সমাধানের কোনো পথ থাকত! অনেক বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে। আমরা সবাই দীর্ঘমেয়াদি শান্তি চাই।’
তাঁর মতে, যুদ্ধ-পরবর্তী সম্পর্কের কাঠামো নির্ধারণ করা গেলে ভূখণ্ডসংক্রান্ত বিরোধের সমাধান অনেক সহজ হবে। কারণ, বর্তমানে এই শেষ সমস্যাটি সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না।
যুদ্ধ দীর্ঘ হলে বড় সংঘাতের আশঙ্কা
সমঝোতা না হলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন কুশনার।
তিনি বলেন, ‘ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। সামান্য ভুল হিসাবও এই সংঘাতকে ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে।’
কুশনারের ভাষায়, চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এমনভাবে যুদ্ধের অবসান ঘটানো, যাতে ইউক্রেন সার্বভৌম, নিরাপদ, সমৃদ্ধ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে।
তিনি বলেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে, দেশটির যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে, বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা এবং শক্তিশালী প্রতিরোধক্ষমতা গড়ে তোলা সম্ভব। এটি ইউক্রেন ও ইউরোপের জন্য হবে বড় বিজয়।