ইরানের মর্যাদা স্বীকার করে দেশটির সঙ্গে সম্মানজনক আচরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, নৌবাহিনীর শহীদদের রক্তের প্রতিশোধের জন্য শত্রুকে অপেক্ষা করতে হবে।
রোববার (২৯ নভেম্বর) ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শাহরাম ইরানি। অনুষ্ঠানে নৌবাহিনীর কমান্ডার ও সদস্যরা খোমেনির আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন।
শাহরাম ইরানি সতর্ক করে বলেন, এ অঞ্চলে শত্রুর উপস্থিতি ও কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। দেশের প্রতিরক্ষায় ইরানি বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
ইরানের নৌবাহিনীর প্রধান বলেন, শত্রুপক্ষ ইরানের অবস্থান ও মর্যাদা স্বীকার করে দেশটির শক্তিশালী ও ঐক্যবদ্ধ জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, এই বাস্তবতা স্বীকার করা হলেই কেবল এ অঞ্চলে নিরাপত্তা ফিরে আসবে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক গড়তে বিটিআরসিতে মেটার আবেদন