নাভালনির মৃত্যু নিয়ে যা বললেন স্ত্রী ইউলিয়া

সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া বলেছেন, রাশিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নাভালনির মৃত্যুর ঘটনা যদি সত্য হয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সহযোগীরা শাস্তি থেকে রক্ষা পাবেন না।

এর আগে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি অ্যালেক্সি নাভালনি আর্কটিক পেনাল কলোনিতে মারা গেছেন। তিনি সেখানে ১৯ বছরের সাজা ভোগ করছিলেন। নাভালনি পুতিনের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন। তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ক্রেমলিনের বিরুদ্ধে বড় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন।

নাভালনির পরিবার সূত্রে জানা গেছে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে নাভালনির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারেননি। তারা শুধু আঞ্চলিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি সাধারণ ঘোষণা পেয়েছেন।

১৬ ফেব্রুয়ারি নাভালনির স্ত্রী ইউলিয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা রাখেন। এ সময় তিনি রাশিয়ার ‘ভয়ানক সরকারের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। সেই সাথে তিনি তার স্বামীর মৃত্যুর খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

তিনি বলেন, আমি জানি না যে আমরা একচেটিয়াভাবে রাশিয়ার সরকারি সূত্র থেকে যে ভয়ানক সংবাদ পাচ্ছি, তা বিশ্বাস করা উচিত কি না। আমরা পুতিন ও তার সরকারকে বিশ্বাস করতে পারি না।

নাভালনির মা লুডমিলা বলেছেন, তিনি ১২ ফেব্রুয়ারি তার ছেলেকে শেষবারের মতো দেখেছিলেন, তখন নাভালনি জীবিত, সুস্থ ও প্রাণবন্ত ছিলেন।