ভারতের জম্মু-কাশ্মীর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একই দিনে পৃথক দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ভিন্ন ভিন্ন সময়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রাই ছিল ৪.৬।
স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় ভোর ৫টা ৩৫ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বারামুলার পাত্তান এলাকা। তবে এখন পর্যন্ত এই এলাকায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিন রাত ৩টা ৩০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৪.৬ মাত্রার এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।
ভারতের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ‘সিসমিক জোন-৫’-এর অন্তর্ভুক্ত, যা দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। ২০০৪ সালের ডিসেম্বরে এই এলাকায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ইতিহাস থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্দামানের এই ভূমিকম্পটি অগভীর হওয়ায় এর তীব্রতা বেশি অনুভূত হয়েছে। সাধারণত অগভীর ভূমিকম্পে কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছায় বলে ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি থাকে। তবে দুই জায়গার কোনোটিতেই এখন পর্যন্ত বড় কোনো বিপদের তথ্য পাওয়া যায়নি।