ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার তাশখাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর খনির ভেতরে আরও অনেক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি খনির গভীরে ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অধিকাংশ শ্রমিক। নিহতদের অধিকাংশই প্রতিবেশী রাজ্য আসামের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। খনি এলাকা থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে এবং আশপাশে নিহতদের স্বজনদের ভিড় জমেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর সাহায্য চেয়েছে জেলা প্রশাসন।
পুলিশের প্রাথমিক ধারণা, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পূর্ব জৈন্তিয়া হিলসের পুলিশ সুপার বিকাশ কুমার জানান, থাংস্কু এলাকায় এই ঘটনা ঘটেছে এবং তারা অবৈধভাবে কয়লা উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখছেন। খনির ভেতরে কয়লা কাটার সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয়ে ‘র্যাট-হোল’ বা ইঁদুরের গর্তের মতো সরু সুড়ঙ্গ খুঁড়ে কয়লা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিবেশ দূষণ এবং শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হলেও রাজ্যে এখনও গোপনে অনেক অবৈধ খনি সচল রয়েছে বলে অভিযোগ আছে। র্যাট-হোল পদ্ধতিতে সরু সুড়ঙ্গে একজন করে মানুষ ঢুকে কয়লা সংগ্রহ করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।