নাইজেরিয়ার কওয়ারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের এক ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। রেড ক্রসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে প্রাথমিকভাবে ৬৭ জন নিহতের খবর জানানো হলেও উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে।
কওয়ারা রাজ্য রেড ক্রসের সেক্রেটারি বাবাোমো আয়োদেজি জানান, ‘এখনও মরদেহ উদ্ধারের কাজ চলছে। আমরা এ পর্যন্ত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা কাইয়ামা অঞ্চলের ওরো গ্রামে অতর্কিত হামলা চালায়।
কাইয়ামা অঞ্চলের স্থানীয় আইনপ্রণেতা সাইদু বাবা আহমেদ জানান, হামলাকারীরা গ্রামটিতে ঢুকেই দোকানপাট এবং স্থানীয় রাজার প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। অনেকে গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে পাশের জঙ্গলে পালিয়ে যান।
রাজ্য সরকার এই পৈশাচিক হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। কওয়ারা রাজ্যের গভর্নর আবদুলরাহমান আবদুলরাজাক এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, রাজ্যে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ নিতেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত মাসে নাইজেরিয়ার সামরিক বাহিনী কওয়ারা রাজ্যে বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ১৫০ জন সন্ত্রাসীকে (ব্যান্ডিট) হত্যার দাবি করেছিল। ৩০ জানুয়ারির সেই অভিযানে বেশ কিছু সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয়। ধারণা করা হচ্ছে, সেই অভিযানের পাল্টা জবাব দিতেই নিরীহ গ্রামবাসীদের ওপর এই হত্যাযজ্ঞ চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
অনলাইন গেমে আসক্ত ৩ বোনের একসাথে আত্মহত্যা
