পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তারলাই এলাকায় সংঘটিত এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দলের এক হাজারেরও বেশি সদস্য বর্তমানে ঘটনাস্থলে নিয়োজিত রয়েছেন। তবে এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা কোনো আইইডি (IED), তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
ভয়াবহ এই হামলার পর ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে ‘রেড অ্যালার্ট’ বা জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস), পলিক্লিনিক এবং সিডিএ হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন, জরুরি বিভাগসহ বার্ন সেন্টার ও অর্থোপেডিক বিভাগগুলোকে আহতদের সেবায় প্রস্তুত রাখা হয়েছে।