২০৭০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক জনমিতিক পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে।

পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও প্রায় ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশই ঘটতে পারে এসব দেশে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উচ্চ জন্মহারকে চিহ্নিত করেছে গবেষণা সংস্থাটি। পিউ রিসার্চের হিসাবে, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫।

গবেষণা অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ। এ প্রবণতা অব্যাহত থাকলে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অঞ্চলভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।

তবে পিউ রিসার্চ সেন্টার সতর্ক করে জানিয়েছে, এ পূর্বাভাস ভবিষ্যতে ঘটতে পারে এমন সব পরিবর্তন বিবেচনায় নিয়ে তৈরি করা হয়নি। আর্থসামাজিক পরিস্থিতি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ নানা ঘটনা জনসংখ্যার গতিপ্রকৃতি এবং মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে। ফলে পূর্বাভাসের বাস্তব চিত্র ভিন্নও হতে পারে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত