পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের সময় এই কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ডন নিউজ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার গভীরে।
খাইবার পাখতুনখোয়ার সোয়াত, শাংলা, মারদান, সোয়াবি, নওশেরা এবং পাঞ্জাবের বিভিন্ন শহরে তীব্র কম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় মানুষ ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ মাটি কেঁপে উঠলে অনেকে ইফতার ফেলে প্রাণভয়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে শক্তিশালী এই কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫.৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। যার উৎপত্তিস্থল ছিল খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার দূরে। বারবার এমন ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।