নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে ত্রিশুলি নদীতে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতের এই দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নেপালের আধা-সামরিক বাহিনী ‘আর্মড পুলিশ ফোর্স’-এর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুগামী বাসটি ৪৬ জন যাত্রী নিয়ে পৃথ্বী হাইওয়ের ধাদিং অংশে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় সময় রাত দেড়টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
নিহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। এছাড়া আহত ২৮ জনের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দুই নারী পর্যটক রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।