আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ)। ‘অপারেশন গাজব লিল-হক’ (Operation Ghazab-lil-Haq) নামের এই অভিযানে ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। হামলার পর বর্তমানে কান্দাহারের আকাশে পাকিস্তানের যুদ্ধবিমানগুলোকে টহল দিতে দেখা যাচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এবং ডন-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিশেষ সাক্ষাৎকারে জানান, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে অত্যন্ত নির্ভুলভাবে (Precise) হামলা চালিয়েছে। অভিযানে তালেবানের ব্রিগেড সদর দপ্তর, চেক পোস্ট, গোলাবারুদের ডিপো এবং লজিস্টিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তারার আরও দাবি করেন, অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি জানান, আফগান তালেবান সরকারের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ৯টি পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তানি বাহিনী।
অভিযানের বিস্তারিত জানিয়ে পাক মন্ত্রী বলেন, হামলায় তালেবানের দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, একটি লজিস্টিক ঘাঁটি এবং তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস হয়েছে। এছাড়াও ৮০টিরও বেশি ট্যাংক, আর্টিলারি গান এবং সাঁজোয়া যান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভি নিউজ জানিয়েছে, হামলার পর থেকে কান্দাহারের আকাশে পাকিস্তানের যুদ্ধবিমানগুলো নিয়মিত টহল দিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, সীমান্তে উত্তেজনার জেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আগেই আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছিলেন। এরপরই এই বড় ধরনের সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। তবে এই বিপুল পরিমাণ হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।