পাকিস্তানের হামলা অমার্জনীয়, পাল্টা জবাবের হুঁশিয়ারি তালেবানের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার কড়া সমালোচনা করে এর কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগান তালেবান সরকার। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই আক্রমণকে ‘অমার্জনীয়’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে, তাদের পাল্টা হামলার পদ্ধতি হবে অত্যন্ত ‘গোপনীয়’।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের ওপর পাকিস্তানের এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এর সামরিক জবাব দেব এবং আমাদের প্রতিক্রিয়ার পদ্ধতি হবে গোপনীয়।’

তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অমার্জনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা পাকিস্তানের এই আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা পালন করে।

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তানকে দায়ী করার তীব্র প্রতিবাদ জানান মুজাহিদ। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আফগানিস্তানে উপস্থিতির অভিযোগ পুনরায় অস্বীকার করেন। মুজাহিদ দাবি করেন, ‘টিটিপি পাকিস্তানের ভেতরেই বড় বড় এলাকা নিয়ন্ত্রণ করে, তাদের আফগান মাটির প্রয়োজন নেই। পাকিস্তান নিজের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে না পেরে বার বার আফগানিস্তানের ওপর দায় চাপাচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ইতোমধ্যেই কাবুল, পাকতিয়া ও কান্দাহারে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যাতে শতাধিক আফগান সেনা নিহতের দাবি করেছে ইসলামাবাদ। তবে জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানের এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পাক-আফগান সীমান্তে গত অক্টোবর থেকে চলমান এই উত্তেজনা বর্তমানে সরাসরি যুদ্ধে রূপ নেওয়ায় দক্ষিণ এশিয়ায় বড় ধরনের আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।

DR
আরও পড়ুন