পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৭ 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে চালানো শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় পুলিশের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাক্কি মারওয়াত জেলার বেট্টানি উপজাতীয় এলাকায় পুলিশের একটি টহল গাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে ওত পেতে থাকা বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই ৬ পুলিশ সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এসব হামলার জন্য পাকিস্তান প্রায়ই আফগান ভূখণ্ডকে দায়ী করে থাকে।

সন্ত্রাসীদের দমনে পাকিস্তান সম্প্রতি আফগানিস্তান সীমান্তে ‘অপারেশন গজব লিল-হক’ (Operation Gazab Lil-Haq) নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ৬৪১ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে চালানো বিমান হামলায় আরও ৮০ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহতের দাবি করেছে পাকিস্তান।

তবে এই সাঁড়াশি অভিযানের পরও পরিস্থিতির দৃশ্যত কোনো উন্নতি হয়নি। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে প্রায় প্রতিদিনই নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে আইইডি (IED) বা আত্মঘাতী হামলা চালানো হচ্ছে, যা ইসলামাবাদ প্রশাসনের জন্য বড় ধরণের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: জিও নিউজ