মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও যুদ্ধাবস্থার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি নিজেই এই আলাপচারিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফোনালাপকালে নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। বিশেষ করে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক সমুদ্রপথ বা ‘শিপিং লেন’গুলোতে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মোদি বলেন, বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে এই নৌপথগুলো নিরাপদ এবং সচল রাখা অত্যন্ত জরুরি।
ইরানে বর্তমানে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক অবস্থান করছেন। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন মোদি। তেহরান যেভাবে ভারতীয়দের পাশে দাঁড়িয়েছে, তার জন্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান তিনি।
ভারতের জ্বালানি নিরাপত্তার একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। এছাড়া ওই অঞ্চলে কয়েক লাখ ভারতীয় কাজ করেন। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের অর্থনীতি ও জনশক্তিতে বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মূলত সেই ঝুঁকি কমাতেই এই কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন নরেন্দ্র মোদি।