পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কথিত ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ আস্তানায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়ে ১৩ জনকে হত্যার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এই তথ্য জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর।
বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া-র খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসীদের’ অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালালে তীব্র গোলাগুলির পর ১০ জন নিহত হয়।
অন্যদিকে বান্নুতে চালানো আরেক অভিযানে আরও তিনজনকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে দাবি করা হয়। আইএসপিআর জানায়, এলাকায় আরও ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ থাকতে পারে এমন আশঙ্কায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার কথাও বলা হয়েছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই প্রেক্ষাপটে পাকিস্তান ‘গজব-উল-হক’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকায়। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ওই অভিযানে শত শত সশস্ত্র সদস্য নিহত ও আহত হয়েছে এবং বিপুলসংখ্যক চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। সূত্র: জিও নিউজ