মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সংঘাতরত পক্ষগুলোকে অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণ আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না।
শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাহাথির বলেন, ‘শান্তিপূর্ণ আলোচনা হওয়াই উচিত বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায়। যুদ্ধ বন্ধ করুন।’ আজীবন যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত এই বর্ষীয়ান নেতা আরও যোগ করেন, ‘আমি বরাবরই যুদ্ধের বিপক্ষে। মানুষকে হত্যা করা কোনো সমস্যার সমাধান হতে পারে বলে আমি বিশ্বাস করি না।’
মাহাথির মোহাম্মদ তার পোস্টে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, যুদ্ধ মানেই হচ্ছে গণহারে মানুষ হত্যা। আধুনিক সভ্যতায় দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর পথ হিসেবে যুদ্ধকে বেছে নেওয়াটা অবিশ্বাস্য ও অমানবিক। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র সংঘাতের চেয়ে অনেক কম ধ্বংসাত্মক এবং সাশ্রয়ী বিকল্প পথ সবসময়ই খোলা থাকে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের চিন্তা করার ক্ষমতা রয়েছে। আলোচনার মাধ্যমে সমঝোতা, সালিশি বা আদালতের মাধ্যমে যেকোনো সংকটের সমাধান সম্ভব। এই সক্ষমতা ব্যবহার করে মানুষ যেকোনো সমাধানের ভালো-মন্দ বিচার করতে পারে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনার সৃষ্টি হয়। ইরান দাবি করেছে, তাদের বেসামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে এই পরিস্থিতি বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রপথের বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।