ভারতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের মাত্রা ও উৎপত্তিস্থলের অগভীর গভীরতার কারণে আশপাশের এলাকায় এটি স্পষ্টভাবে টের পাওয়া যায় বলে জানিয়েছেন ভূকম্পনবিদরা।