স্ত্রীর সুবিধার্থে নিজের পদের অপব্যবহার করার অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপ কুমার সাহকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় বৃহস্পতিবার তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সুপারিশের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য বীমা বোর্ডে মেয়াদ শেষ হওয়ার পর স্ত্রীকে পুনরায় নিয়োগের ক্ষেত্রে পদের মর্যাদার অপব্যবহার করায় আরএসপি সভাপতি রবি লামিছানে এই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল সংবাদমাধ্যমকে জানান, বুধবার আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন সাহকে অপসারণের সুপারিশ জমা দেয়। বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করেছেন।
এই ঘটনার জেরে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। সাহের স্ত্রীর পুনরায় নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে সামলাতে ব্যর্থ হওয়ার কারণে লামিছানে তাকে সতর্ক করার সুপারিশ করে ছিলেন।
দাহাল জানান, এই সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী মন্ত্রী মেহতাকে সতর্ক করেছেন।
উল্লেখ্য, গত বছরে তরুণ প্রজন্মের দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা ও প্রজন্মগত পরিবর্তনের দাবিতে হওয়া আন্দোলনের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ঐতিহ্যবাহী দলগুলোকে পরাজিত করে গত মার্চ মাসে ক্ষমতায় আসেন নবীন রাজনীতিক বালেন নামে পরিচিত শাহ এবং তার দল আরএসপি।