কড়া নিরাপত্তা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হলো ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোট চলছে। ২৯৪ আসনের এই লড়াইয়ে আজই নির্ধারিত হতে চলেছে রাজ্যের ভাগ্যরেখার একটি বড় অংশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম দফার ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ৫২৫টি। সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে।
আজ যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হলো- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।
দ্বিতীয় ও শেষ ধাপে ভোট হবে ২৯ এপ্রিল। ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ হবে।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
ভোটকেন্দ্রে প্রবেশেও এবার কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। ভোটারদের নির্ধারিত পরিচয়পত্র দেখিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দলীয় নেতা-কর্মীদের অবাধ প্রবেশ বন্ধ রাখা হবে এবং ভোটকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে আলাদা ক্যাম্প থাকবে।
নির্বাচন কমিশন এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বুথ দখল বা জাল ভোট রুখতে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয়পত্র ও স্লিপ ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি এলাকায় মোটরসাইকেল চলাচলেও বিশেষ নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলেই তাৎক্ষণিক গ্রেপ্তারেরর নির্দেশ রয়েছে।
প্রচারের শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিয়েছেন। অন্যদিকে, জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি নেতৃত্ব। জনমত জরিপ অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ১৮৪-১৯৪টি আসন পেয়ে ফের ক্ষমতায় ফেরার দৌড়ে এগিয়ে থাকলেও, বিজেপি কড়া টক্কর দিচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে জনমানসে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ৪৬-৪৮% সমর্থন নিয়ে শীর্ষস্থানে রয়েছেন।