পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
পদত্যাগ করছেন কবে সাংবাদিকদের এমন প্রশ্নে মমতা জানান, এখনই পদত্যাগ করছেন না তিনি।
মমতা বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?
তিনি বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।
রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই পদত্যাগ করছেন না। বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেছেন তিনি।
তার এই অবস্থানের কারণে নতুন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, যা রাজ্যের গভর্নর আর এন রবি-এর কাছে নিষ্পত্তির জন্য যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে নির্বাচন কমিশনের সূত্র জানায়, যদি বিজয়ী দল সরকার গঠনের দাবি জানায় এবং গভর্নর তাদের আমন্ত্রণ জানান, তাহলে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন নাও হতে পারে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ ৭ মে শেষ হচ্ছে। ফলে সরকার গঠনের জন্য বিজেপির হাতে খুব অল্প সময় রয়েছে।