পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের শপথ গ্রহণ ৯ মে

আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৩২ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ও ভূমিধস জয়ের পর আগামী ৯ মে নতুন রাজ্য সরকার শপথ গ্রহণ করবে। 

মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে এই তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছে বিজেপি।

শমীক ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছে ও নির্দেশ অনুযায়ী শপথ গ্রহণের জন্য এই দিনটি ধার্য করা হয়েছে। নির্বাচনের প্রচারণা চলাকালেই মোদি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ৯ মে নতুন সরকার গঠিত হবে। বিশেষ করে ব্যারাকপুরের এক জনসভায় তিনি বলেছিলেন, ‘আমি এই আত্মবিশ্বাস নিয়ে আজ পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিচ্ছি যে, ৪ মে ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠনের সময় আমি ফের এই রাজ্যে আসব।’ প্রধানমন্ত্রীর সেই কথাটিই এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

সোমবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেন। তিনি বলেন, বিজেপির লক্ষ্য হলো এমন এক বাংলা গড়া-‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’। মোদির এই উদ্ধৃতি বাংলার মানুষের কাছে এক বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনেই জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা, যা রাজ্যটির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

মঙ্গলবার (৫ মে) ভারতের নির্বাচন কমিশনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এস বি জোশি এবং সুজিত কুমার মিশ্র নির্বাচনের গেজেটেড ফলাফল প্রধান নির্বাচন কর্মকর্তা মনোজ কুমার আগারওয়ালের কাছে হস্তান্তর করবেন। এরপরই শুরু হবে নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। ৯ মে কলকাতায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি

FJ
আরও পড়ুন