ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষ নেত্রী এবং সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতাল ‘মেডান্তা- দ্য মেডিসিটি’-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে সেখানে নেওয়া হয়েছে।
সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে তার সেই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন।
৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও রাজ্যসভার সদস্যের শারীরিক অবস্থা নিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হতে হলো সোনিয়া গান্ধীকে। এর আগে গত মার্চ মাসে উচ্চ জ্বর ও শারীরিক সংক্রমণের কারণে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট ও দীর্ঘমেয়াদী কাশির সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, দিল্লির মাত্রাতিরিক্ত বায়ুদূষণ সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে তাকে ঘন ঘন চেকআপের প্রয়োজন হয়। ৭৯ বছর বয়স হওয়ায় তার স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখছে পরিবার ও চিকিৎসকরা।
২০২৫ সালের ডিসেম্বরে সোনিয়া গান্ধী ৭৯ বছরে পা রাখেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।