যুক্তরাষ্ট্রে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ যাত্রী

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী একটি প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কায় অন্তত ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় প্রমোদতরীটি আংশিকভাবে পানিতে ডুবে যায়। এতে সেটিতে থাকা ১২৯ যাত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সবাইকে শনাক্ত করা হয়েছে এবং কারও আঘাত গুরুতর নয়।

নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে (জিএমটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) মিসিসিপি নদীতে ‘অ্যাটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি ট্যাংকার ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্যাডলবোট প্রমোদতরীতে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে যাত্রীদের নামানোর জন্য প্রমোদতরীটি বন্দরে ভিড়েছিল।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো বলেন, প্রমোদতরীতে থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৩২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও আঘাত গুরুতর নয়।

মেয়র জানান, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীতে ধাক্কা দেয়। তখন যাত্রীরা নেমে যাচ্ছিলেন। ধাক্কার পর প্রমোদতরীটি পানিতে ডুবতে শুরু করে। একপর্যায়ে সেটি কাত হয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকারে অনেক বড় ট্যাংকারটি প্রমোদতরীতে আঘাত করছে। সংঘর্ষে ধাতব অংশ ও কাচ ভাঙার শব্দ শোনা যায়।

লাইফ জ্যাকেট পরা ১৫ জনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে আশপাশের নৌযানে তোলা হয়। দুর্ঘটনার সময় নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্য কয়েকজনকে প্রমোদতরীর রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের বহনকারী নৌযানটি তখন আরও বেশি পানিতে কাত হয়ে যাচ্ছিল।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, ঘটনাটি ছিল অবিশ্বাস্য। সংঘর্ষের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রমোদতরীটি উল্টে যায়।

খবর পেয়ে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বন্দরের প্রশাসনিক ভবনের ভেতরে আহতদের প্রাথমিক চিকিৎসা ও অবস্থা যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার পর নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রমোদতরী পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস জানিয়েছে, যাত্রী ও ক্রুদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

২০১৫ সালে নির্মিত পাঁচ ডেকের ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরীতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী বহন করা যায়। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের ভ্রমণ শেষে এটি ফিরছিল।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৬০ মিটার দীর্ঘ ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ছিল এবং নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল। সামুদ্রিক বিষয়ক সাময়িকী মেরিন ইনসাইটসের তথ্য অনুযায়ী, জাহাজটি সাধারণত অ্যাসফল্ট ও বিটুমিন পরিবহন করে।

তবে সংঘর্ষের কারণ কী ছিল এবং দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে কোনো পণ্য বোঝাই ছিল কি না, তা এখনো জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত