পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের ঘোষণা

পশ্চিমবঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সব ধরনের সরকারি আর্থিক সহায়তা ও প্রকল্প ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত রাজ্য সরকার। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক সম্মানী বা ভাতাও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

সোমবার (১৮ মে) রাজ্য মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, ‘ধর্মীয় শ্রেণিবিন্যাসকে ভিত্তি করে যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলো আর চালানো হবে না। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা এই সহায়তা পাবেন, তবে আগামী মাস থেকে তা পুরোপুরি কার্যকর হবে।’

মন্ত্রী আরও জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে থাকা ধর্মভিত্তিক অনুদান প্রকল্পগুলোর ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালু করেছিল। পরবর্তীতে সনাতন ধর্মের পুরোহিতদের জন্যও একই ধরনের ভাতার ব্যবস্থা করা হয়। শুরুতে এই ভাতার পরিমাণ ১৫০০ টাকা হলেও পরে তা বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল।