ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ, যা বলছে পুলিশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে তাঁর বাসভবনের কাছে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে মমতা-নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের একটি অংশ। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

তবে পুলিশ এখন পর্যন্ত ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ নিশ্চিত করেনি। পুলিশের ভাষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারীর সঙ্গে তাঁর পক্ষের লোকজনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওই নারীকে আটক করেন। ঘটনার কারণ অনুসন্ধান এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

তৃণমূল নেত্রী দোলা সেনের করা অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার একটি দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন করতে বাসভবন থেকে বের হন। এ সময় এক নারী তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেন। ওই নারী নিজেকে মমতার ভাতিজি পরিচয় দিয়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দোলা সেনের অভিযোগ, ওই নারী অশালীন ভাষায় কথা বলেন এবং তাঁর কাছে থাকা ছুরি দিয়ে হামলার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তৃণমূলের কর্মীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটির নেতারা।

কলকাতা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার সময় অনসূয়া সাহা নামের এক নারী তাঁর মুখোমুখি হন। এরপর দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওই নারীকে আটক করেন। তৃণমূলের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর আচরণের কারণ জানার পাশাপাশি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ছুরি থাকার বিষয়টি এবং হামলার চেষ্টার অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। 

প্রতিবেদনে আটক নারীর নাম নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য এসেছে। কোনো কোনো প্রতিবেদনে তাঁর নাম অনসূয়া সাহা, আবার কোথাও তন্নিষ্ঠা সাহা বলা হয়েছে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় ‘জেড প্লাস’ নিরাপত্তা পান। তাঁর মতো উচ্চপর্যায়ের নিরাপত্তাপ্রাপ্ত একজন রাজনৈতিক নেতার বাসভবনের কাছে এ ধরনের ঘটনা ঘটার অভিযোগ সামনে আসায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে ঘটনাটি পরিকল্পিত হামলা বা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। অভিযোগের সত্যতা, ছুরি বহনের বিষয়টি এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য তদন্তের পরই স্পষ্ট হবে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত