ভারতে হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু, তেলেঙ্গানায় রাজ্যব্যাপী সতর্কতা জারি

ভারতে তীব্র দাবদাহ ও রেকর্ডভাঙা তাপপ্রবাহে প্রাণহানির ঘটনা বাড়ছে। চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় হিটস্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যাওয়ায় জনজীবন চরম সংকটে পড়েছে।

তেলেঙ্গানা রাজ্য সরকারের রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি এক বিবৃতিতে জানিয়েছেন, তাপপ্রবাহের তীব্রতা বর্তমানে নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্যব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারির আহ্বান জানিয়েছেন এবং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে তাপপ্রবাহ এখন আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং ঘনঘন হচ্ছে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হচ্ছে। অতিরিক্ত তাপদাহে শরীরে পানিশূন্যতা এবং রক্ত ঘন হয়ে অঙ্গ বিকল হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারীদের দিনের বেলায় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে তেলেঙ্গানা সরকার।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ও পশ্চিম ভারতেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পুরো সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় বিদ্যুতের চাহিদা রেকর্ড পরিমাণে বেড়েছে। রাজস্থান ও হরিয়ানার মতো রাজ্যগুলোতেও লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস