জাতিসংঘে আবারও কাশ্মীর ইস্যুতে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এবার ইসলামাবাদ অভিযোগ করেছে, কাশ্মীর প্রশ্নে নিরাপত্তা পরিষদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নয়াদিল্লি।
জাতিসংঘ সাধারণ পরিষদে নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ কাশ্মীর বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। এর জবাবে জাতিসংঘে ভারতের প্রতিনিধি হরিশ পার্বতনেনি দাবি করেন, জম্মু ও কাশ্মীর ‘অতীতেও, বর্তমানেও এবং ভবিষ্যতেও’ ভারতের অবিচ্ছেদ্য অংশ।
এরপর জবাবি বক্তব্যে পাকিস্তান মিশনের রাজনৈতিক সমন্বয়ক গুল কায়সার সারওয়ারি বলেন, জম্মু ও কাশ্মীর এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধপূর্ণ অঞ্চল, যা নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে রয়েছে। তিনি দাবি করেন, ‘জম্মু ও কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, এখনো নয় এবং ভবিষ্যতেও হবে না।’
পাকিস্তানের পক্ষ থেকে আরও বলা হয়, কয়েক দশক পেরিয়ে গেলেও কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়িত হয়নি। ইসলামাবাদ অভিযোগ করে, ভারত নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে।
অন্যদিকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘের মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ পুনর্ব্যক্ত করে এবং কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে।
কাশ্মীর প্রশ্নে দুই দেশের এই কূটনৈতিক বাকযুদ্ধ আবারও স্পষ্ট করে দিল, দক্ষিণ এশিয়ার অন্যতম পুরোনো এই বিরোধ এখনো আন্তর্জাতিক অঙ্গনে দুই প্রতিবেশীর সম্পর্কের কেন্দ্রবিন্দুতেই রয়েছে। সূত্র: ডন