মোজতবা খামেনির কাছে পাকিস্তানের বিশেষ বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি–এর উদ্দেশে পাকিস্তানের একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তেহরান সফরকালে নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি–এর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো চিঠি হস্তান্তর করেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, চিঠিটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির–এর পক্ষ থেকে পাঠানো হয়েছে।

বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ, আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা নিরসনের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তান সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নাকভির এই সফরকে সেই উদ্যোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা