ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে আসছে নতুন অধ্যায়। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর অবসরের পর আগামী ৩০ জুন দায়িত্বভার গ্রহণ করবেন এবং ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই পদে থাকবেন।

১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভের মাধ্যমে ধীরাজ শেঠের দীর্ঘ সামরিক যাত্রা শুরু হয়। প্রায় চার দশকের অভিজ্ঞতায় তিনি অপারেশনাল পরিকল্পনা, কৌশলগত নেতৃত্ব, বাহিনী ব্যবস্থাপনা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক কোর সুদর্শন চক্র কোর-এর নেতৃত্ব দিয়ে তিনি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি ও কৌশলগত দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরবর্তীতে দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় ও আন্তর্জাতিক সামরিক বিষয়গুলো দক্ষতার সঙ্গে সামলেছেন।

আর্মি কমান্ডার পদে উন্নীত হওয়ার পর তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেন। এসব দায়িত্বে থেকে তিনি আধুনিক যুদ্ধপ্রস্তুতি, প্রযুক্তি সংযোজন এবং বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে সেনাবাহিনী শুধু অপারেশনাল শক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি আধুনিকীকরণ প্রক্রিয়ায়ও নতুন গতি পেয়েছে।

ধীরাজ শেঠের নিয়োগকে ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি, কৌশলগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী করবে।

বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, সাইবার যুদ্ধ প্রস্তুতি এবং বহুমাত্রিক সামরিক কৌশল বাস্তবায়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।