ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনায় ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন গ্রামে।
নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। এছাড়া বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংও প্রাণ হারিয়েছেন। হামলায় আহত মায়াঙ্ক সিং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের অভিযোগ, বালু মহাল পরিচালনা সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে গিয়ে সুপরিকল্পিত ফাঁদের শিকার হন ভারত সিং। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে তিনি ও তার সঙ্গীরা একটি ফরচুনার গাড়িতে থাকাকালে সেটিকে চারদিক থেকে ট্রাক দিয়ে ঘিরে ফেলা হয়। পরে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে মামলা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই অঞ্চলের বালু মহালের ইজারা ছিল ভারত সিংয়ের পরিবারের নিয়ন্ত্রণে। বালু পরিবহন, অর্থ লেনদেন এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তার পক্ষের সঙ্গে আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সময়ের সঙ্গে সেই বিরোধ আধিপত্যের সংঘাতে রূপ নেয়।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তে দোষী প্রমাণিত কাউকে ছাড় দেওয়া হবে না। সূত্র: এনডিটিভি।