ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা ফু কুয়ক দ্বীপের কাছে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) নৌকাটি উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় স্পিডবোটটিতে ৩২ জন ভারতীয় পর্যটক ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নৌকাটি ফু কুয়কের হোন মে রুট এনগোয়াই দ্বীপ থেকে ফিরে আন থই আন্তর্জাতিক বন্দরের দিকে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি, পর্যটন স্থান থেকে প্রায় ৪০০ মিটার দূরে থাকতেই নৌকাটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে যোগ দেয়। নৌকার ভেতরে আটকে পড়া যাত্রীদের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।
ভারতের দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও তথ্য সংগ্রহের কাজ চলছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য হ্যানয় ও হো চি মিন সিটিতে দুটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
ফু কুয়ক দ্বীপ ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত পর্যটন এলাকা। প্রতিবছর লাখো পর্যটক এখানকার সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগ করতে আসেন।
সূত্র: আলজাজিরা