ইন্দোনেশিয়ায় দুর্নীতি বিরোধী অভিযানে বড় চমক। দেশটির শীর্ষ দুর্নীতি তদন্তকারী প্রসিকিউটর ফেব্রি আদ্রিয়ানসাহ পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে তদন্তের সময় পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ সোনার বার ও নগদ অর্থ।
পুলিশ জানিয়েছে, অভিযানে ৭৪ কেজি সোনার বার এবং বিভিন্ন মুদ্রায় প্রায় ২ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ জব্দ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শনিবার (১১ জুলাই) জানায়, বিশেষ অপরাধ বিভাগের প্রধান প্রসিকিউটর ফেব্রি আদ্রিয়ানসাহ ‘আইন প্রয়োগের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে’ পদত্যাগ করেছেন।
তবে এখন পর্যন্ত ফেব্রির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তিনি এর আগে নিজের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় কেন তাকে তদন্তের আওতায় আনা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
পুলিশ ৮ ও ৯ জুলাই জাকার্তা, দক্ষিণ টাঙ্গেরাং ও বোগোর এলাকায় অন্তত ১২টি স্থানে অভিযান চালায় এবং ১৫ জনের সাক্ষাৎকার নেয়। তদন্তটি জড়িত বিদ্যুৎ খাতে দুর্নীতি ও নিম্নমানের কয়লা সরবরাহের অভিযোগের সঙ্গে।
অভিযানের সঙ্গে রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান আসাবরি ও বিলুপ্ত জীবন বীমা প্রতিষ্ঠান জিয়াস্রায়া-এর বড় আর্থিক কেলেঙ্কারির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অর্থের মধ্যে ছিল ইন্দোনেশিয়ান রুপিয়া, মার্কিন ডলার, সিঙ্গাপুর ডলার ও সৌদি রিয়াল।
৫৮ বছর বয়সী ফেব্রি ২০২২ সালে বিশেষ অপরাধ বিভাগের প্রধান প্রসিকিউটর হন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি আলোচিত দুর্নীতি মামলার দায়িত্বে ছিলেন। তার পদত্যাগ দেশটির দুর্নীতিবিরোধী ব্যবস্থায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আলজাজিরা