শিশুর সতর্কবার্তায় প্রাণ বাঁচলো ৭ জনের

রাতে একসাথে খাবার খাচ্ছিলো পুরো পরিবার। ঠিক তখনই ঘরের ভেতরে আগুনের শিখা দেখতে পায় পরিবারের এক শিশু এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে সবাইকে সতর্ক করে। শিশুর এই তাৎক্ষণিক সতর্কতার কারণেই এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন একই পরিবারের তিন শিশুসহ মোট সাতজন সদস্য।

ভারতের হায়দরাবাদের মেহদিপ্যাটনামের বিজয়নগর কলোনিতে অবস্থিত 'এফএইচএএএস রেসিডেন্সি'র পাঁচতলার একটি ফ্ল্যাটে গত শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, একটি শোবার ঘরের সুইচবোর্ড প্যানেলে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের আসবাবপত্রসহ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই পরিবারের সব সদস্য দ্রুত ফ্ল্যাট ছেড়ে নিচে নেমে আসেন। চার-পাঁচ বছর আগে নির্মিত এই পাঁচতলা আবাসিক ভবনটিতে প্রায় ৫০ জন বাসিন্দা বসবাস করেন।

হায়দরাবাদের ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার টি ভেঙ্কান্না জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই সাতজন আরোহী নিরাপদে ভবনের নিচে নেমে আসেন। অগ্নিনির্বাপক দল আগুনটি শুধুমাত্র সেই ফ্ল্যাটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়, যার ফলে ভবনের অন্য ফ্ল্যাটগুলোতে আগুন ছড়ায়নি।

তবে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানিয়েছে, আগুনে তাদের একটি শোবার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, টেলিভিশন, আলমারি, গৃহস্থালি জিনিসপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি সংরক্ষিত প্রায় ১৫ ভরি সোনা ও অন্যান্য অলঙ্কার সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

জরুরি ফোন পাওয়ার পর আম্বারপেট, অ্যাসেম্বলি এবং গাওলিগুড়া ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তীব্র বাতাস থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও ফায়ার ফাইটাররা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্তে এটি ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটজনিত আগুন বলেই চিহ্নিত হয়েছে। ঘটনাটিতে কেউ আহত বা নিহত হননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া