শিক্ষার্থীদের সুরক্ষার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না, কেন্দ্রীয় সরকার এমন সুস্পষ্ট আশ্বাস দিলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন লাদাখের পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তার অনশন চালিয়ে যাওয়ার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে সোনম ওয়াংচুক বলেন, আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ নেওয়া না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি দ্ব্যর্থহীন নিশ্চয়তা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীরা কেবল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থার দাবিতে নিজেদের কণ্ঠ উঁচু করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এই সমাজকর্মী ২৮ জুন থেকে অনশন শুরু করেন। শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ব্যঙ্গাত্মক আন্দোলনের অংশ হিসেবে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। টানা তিন সপ্তাহ অনশনের পর শনিবার দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নেয়। তবে হাসপাতালে নেওয়ার পরও তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানান।

বর্তমানে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালের মেডান্তায় অনশনের ২৫তম দিনে চিকিৎসাধীন রয়েছেন সোনম ওয়াংচুক।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, মঙ্গলবার রাতে হাসপাতালে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ওই বৈঠকে মন্ত্রীরা তাকে আশ্বাস দিয়েছেন যে, নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করবে। একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনা এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার প্রশ্ন সংসদে আলোচনার বিষয়েও ইতিবাচক মনোভাবের কথা তাকে জানানো হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিও বিবেচনায় নেওয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সোনম ওয়াংচুক তার চিঠিতে বলেন, সোমবার সংসদ অভিমুখে অনুষ্ঠিত মিছিলটি শান্তিপূর্ণ ছিল। তবে তার দাবি, এ সময়ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে।

তিনি জানান, গত কয়েক ঘণ্টায় প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। তিনি নিজেও আবার শিক্ষা নিয়ে নিজের কাজের জগতে ফিরে যেতে চান। কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা তরুণদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি সেই সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন।

চিঠির শেষাংশে সোনম ওয়াংচুক বলেন, সরকার যদি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি এই বিশ্বাস নিয়ে অনশন শেষ করবেন যে সরকার শুধু তার আহ্বানই নয়, লাখো তরুণের প্রত্যাশাকেও গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আন্দোলন দমনে ভবিষ্যতে আর বলপ্রয়োগ করা হবে না। সূত্র: এনডিটিভি