আইসিইউতে সোনম ওয়াংচুকের সঙ্গে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

লাদাখের পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে আইসিইউতে একান্ত বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর দীর্ঘদিনের অনশন ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্র।

সূত্রের দাবি, বৈঠকে ওয়াংচুক লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া, সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্ত করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আবারও দুই মন্ত্রীর সামনে তুলে ধরেন। এসব দাবির কিছু অংশ মেনে নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানা গেছে। দাবি বাস্তবায়নের আশ্বাস পেলে অনশন প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি।

এর আগে অনশনের ২১তম দিনে দিল্লি পুলিশ তাকে জোর করে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করেছিল। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি পান ওয়াংচুক। অনশনের ২৪তম দিনে, ২১ জুলাই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে অ্যাম্বুলেন্সে করে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের একটি বিশেষ দল তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছে। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি অনশন চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন।

বুধবার তার নতুন করে রক্ত পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, পরীক্ষার ফলের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। রিপোর্ট সন্তোষজনক হলে বুধবার সন্ধ্যার মধ্যে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে। বর্তমানে তার শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

চিকিৎসকদের মতে, টানা ২৫ দিন অনশনে থাকার কারণে শরীরের সঞ্চিত শর্করা ও চর্বি প্রায় শেষ হয়ে গেছে। প্রয়োজনীয় গ্লুকোজ তৈরির জন্য এখন শরীর পেশির প্রোটিন ভাঙতে শুরু করেছে, ফলে দ্রুত ওজন কমছে। এ অবস্থায় হঠাৎ করে খাবার দেওয়া হলে রিফিডিং সিনড্রোমের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত