দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো সিজেপি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি।

শনিবার (২৫ জুলাই) সরকার ও ককরোচ জনতা পার্টির যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের পাশাপাশি দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা উপস্থিত ছিলেন।

সৌরভ দাস বলেন, সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে আন্দোলনকারীদের অবিলম্বে ঘরে ফিরে যেতে আহ্বান জানানো হচ্ছে।

তিনি জানান, দলের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

আশুতোষ রানকা বলেন, ৩৬ দিনের আন্দোলনের পর সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। তাই শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।

যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের এলাকা ছাড়ার জন্য লাউডস্পিকারে অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলা এ আন্দোলনের কারণে আশপাশের বাজারে ক্রেতা কমে যাওয়া, যান চলাচলে বিঘ্ন এবং কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

সৌরভ দাস বলেন, তাদের দাবি ছিল নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া। সরকার নীতিগতভাবে এতে সম্মত হয়েছে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থা ও পরীক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচ দফা প্রস্তাবও সরকারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রায় চার সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক হবে।

সৌরভ দাস বলেন, দিল্লিসহ বিজেপি ও বিজেপি-সমর্থিত রাজ্যগুলোতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারের দাবিও সরকার গ্রহণ করেছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এসব মামলার অনুলিপি তাদের কাছে দেওয়া হবে এবং দ্রুত মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে বলে সরকার আশ্বাস দিয়েছে। সূত্র: এনডিটিভি