আজাদ কাশ্মিরে বিক্ষোভকারীরা ‘ভারতের মতো শত্রু’: খাজা আসিফ

আজাদ কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নের ঘটনায় বিতর্ক আরও তীব্র হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিক্ষোভকারীদের ‘ভারতের মতো শত্রু’ বলে মন্তব্য করে সরকারের কঠোর অবস্থানের পক্ষে সাফাই দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোট এলাকায় নতুন করে সংঘর্ষে গত দুই দিনে অন্তত ৩২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। গত ৫ জুন থেকে চলমান অস্থিরতায় নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মিরপুর এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে এবং পরে মরদেহ সরিয়ে নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিহতদের অধিকাংশই জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। সংগঠনটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে আসছিল। পাকিস্তান সরকার এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

খাজা আসিফ এক ভিডিও বার্তায় বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের তিনি ভারতের মতোই শত্রু হিসেবে বিবেচনা করেন।

জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি অভিযোগ করেছে, রাওয়ালাকোটে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি ও গোলাবর্ষণ করেছে। সংগঠনটির দাবি, নিহতদের প্রতি সংহতি জানাতে মানুষ রাস্তায় নেমেছিল এবং আন্দোলনকারীদের দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।

এদিকে পাকিস্তানি গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির কর্মীরা রাওয়ালাকোটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে সংগঠনটি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি তাদের নিজস্ব এলাকা এবং সেখানে আন্দোলন চালানো তাদের অধিকার। সূত্র: এনডিটিভি