পরীক্ষা সংস্কার কমিটিতে গোমূত্র বিশেষজ্ঞ কেন? লোকসভায় প্রিয়াংকা গান্ধী

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ এএম

ভারতের পরীক্ষা সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী। কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ আখ্যা দিয়ে এ কমিটিতে তার উপস্থিতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মঙ্গলবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিল আলোচনার সময় প্রধানমন্ত্রী গঠিত নন্দন নিলেকানির নেতৃত্বাধীন এই টাস্কফোর্সের কড়া সমালোচনা করেন প্রিয়াংকা। সাবেক শিক্ষাসচিব ও বিজ্ঞানীদের পাশাপাশি এমন বিতর্কিত মন্তব্যকারীকে রাখায় তিনি সরকারের দূরদর্শিতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে গোমূত্রের তথাকথিত ‘অ্যান্টিব্যাকটেরিয়াল’ গুণাগুণ নিয়ে মন্তব্য করেছিলেন কামাকোটি। সেই বিষয়টিকে তুলে ধরেই তাকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করেন এই কংগ্রেস নেত্রী।

একই সময়ে নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে নিশানা করে প্রিয়াংকা বলেন, বিতর্কিত বিলকিস বানো মামলার আসামিদের মুক্তির পক্ষে থাকা কাউকে শিক্ষামন্ত্রী করা দেশের নারীদের কাছে ভুল বার্তা পৌঁছায়।

প্রিয়াংকার এমন মন্তব্যের পর ভারতীয় সংসদে তুমুল হট্টগোল শুরু হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এটিকে ব্যক্তি আক্রমণ দাবি করে প্রিয়াংকার বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আবেদন জানান।

শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী তার বক্তব্যের উপযুক্ত তথ্য-প্রমাণ দাবি করলে স্পিকার ওম বিড়লা না জেনে এমন মন্তব্য না করার নির্দেশনা দেন। জবাবে প্রিয়াংকা গান্ধী নিজের দাবির সপক্ষে প্রমাণ উপস্থাপনের প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে বিতর্কিত শিক্ষামন্ত্রী-সংক্রান্ত প্রিয়াংকার মূল বক্তব্যটি সংসদীয় রেকর্ড বা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

বক্তব্যের শেষাংশে প্রিয়াংকা অভিযোগ করেন, ২০২৪ সালে কঠোর আইন কার্যকর হলেও এখন পর্যন্ত কোনো অপরাধীকে সাজা দেওয়া হয়নি। গত এক দশকে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: দ্য প্রিন্ট (The Print)

HN
আরও পড়ুন