ছাত্র বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করার অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা তরুণীকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলেন, “বিক্ষোভে উপস্থিত কয়েকজনের প্রভাবে আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছি।”
যদিও তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে, ভিডিওতে ওই তরুণী দাবি করেন, “আমার বয়স মাত্র ১৫ বছর।”
তিনি বলেন, “আমার বয়স মাত্র ১৫। আমি যা করেছি, তা ক্ষমার অযোগ্য। আমি অনেক খারাপ কথা বলেছি।”
ঘটনাটিকে জীবনের “প্রথম ও শেষ ভুল” উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত। নিজের দিকেও তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।”
এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নয়ডার একটি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে নয়ডা পুলিশ একটি জিরো এফআইআর নিবন্ধন করে, যা পরবর্তী তদন্তের জন্য নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযম ও ক্ষমার আহ্বান জানিয়ে প্রকাশিত সর্বশেষ ইনস্টাগ্রাম ভিডিওর কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমা চাওয়ার এই ভিডিওটি প্রকাশ্যে আসে।
শুক্রবার রাতে প্রকাশিত ওই ভিডিওতে মোদি বলেন, “গালাগালি কখনো কোনো সমস্যার সমাধান নয়।” তিনি সমাজের প্রতি আহ্বান জানান, পথভ্রষ্ট তরুণদের শাস্তি না দিয়ে সঠিক পথ দেখাতে।
তিনি বলেন, “জন্তর মন্তরে যা ঘটেছে, তা দেশ-বিদেশের মানুষ দেখেছে। কিছু বিভ্রান্ত তরুণ এমন ভাষা ব্যবহার করেছে, যার কোনো স্থান সভ্য সমাজে নেই। আমাকে গালাগালি করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও অপমান করা হয়েছে।”
যারা তাকে কটূক্তি করেছে, তাদের “পথভ্রষ্ট” আখ্যা দিয়ে মোদি বলেন, এর জবাব রাগ বা প্রতিশোধ হতে পারে না।
তার ভাষায়, “শৈশবে ভুল হতেই পারে, আর সেই সময়ই ভুল শুধরে নেওয়ার সুযোগও থাকে। তরুণ হওয়ার অর্থই হলো ভুল থেকে শিক্ষা নেওয়া।”
তিনি আরও বলেন, “সমাজে ক্ষোভ রয়েছে, আমি তা বুঝি। কিন্তু এখন সময় এসব সন্তানকে আপন করে নিয়ে সঠিক পথ দেখানোর। তারা পথভ্রষ্ট। তাদের পথ দেখানো আমাদের দায়িত্ব। শাস্তি দেওয়া, আদালতে টেনে নেওয়া বা হয়রানি করলে পরিস্থিতির পরিবর্তন হবে না।”
শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমি তাদের ক্ষমা করতে চাই। সমাজকেও আমার এই আহ্বান গ্রহণ করার অনুরোধ করছি। গালাগালি কখনো কোনো সমাধান নয়। যারা পথ হারিয়েছে, তাদের সঠিক দিশা দেখাই। আসুন, আমরা সবাই মিলে ভারতের জন্য কাজ করি।”