জাপানে ভয়াবহ বন্যা

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জাপানের চিবা প্রিফেকচারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় টোকিওর নারিতা বিমানবন্দরে প্রায় ৭ হাজার যাত্রী আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে চিবার বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ পানিতে ডুবে যায়। ২৪ ঘণ্টায় কোনো কোনো এলাকায় ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহও ব্যাপকভাবে বিঘ্নিত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে অন্তত একজন পানিতে ডুবে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। আরও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণকাজে সেনাসদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বন্যার কারণে নারিতা বিমানবন্দরে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়লেও শুক্রবারের সব ফ্লাইট চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কিছু ফ্লাইটে বিলম্ব হতে পারে বলে জাপান এয়ারলাইন্স সতর্ক করেছে।

চিবা অঞ্চলের এই অস্বাভাবিক বৃষ্টিকে জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছে। পরিস্থিতির কারণে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।