চীনে কর্পোরেট সংস্কৃতির অন্ধকার রূপ

ব্যবসায়িক চুক্তি উদযাপনের একটি ডিনার পার্টিকে কেন্দ্র করে চীনে তীব্র জনরোষ তৈরি হয়েছে। টেক হাব হিসেবে পরিচিত হাংঝৌ নগরীতে এক নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে এক সরকারি কর্মকর্তা এবং একটি আবাসন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্ত প্রতিবেদনে জানা যায়, নৈশভোজ শেষে একটি বারে ওই নারীকে জোরপূর্বক যৌন হয়রানি করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্তদের নিজ নিজ পদ থেকে বরখাস্ত এবং ফৌজদারি আইনে গ্রেপ্তার করা হয়েছে।

চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ওয়েইবো'-তে খবরটি প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হয়ে যায় এবং ৫০ কোটিরও বেশি মানুষ তা দেখেন। ঘটনাটি চীনা করপোরেট অঙ্গনের জাঁকজমকপূর্ণ অ্যালকোহল ও ডিনার পার্টি সংস্কৃতির অন্ধকার দিকটি আবারও উন্মোচিত করেছে।

চীনে অফিশিয়াল পার্টিতে নারীদের যৌন হয়রানির ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে ই-কমার্স জায়ান্ট আলীবাবার এক নারী কর্মীও তাঁর বস ও এক ক্লায়েন্টের বিরুদ্ধে বিজনেস ডিনারের পর যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। ওই ঘটনায় ক্লায়েন্টের ১৮ মাসের জেল হলেও শেষ পর্যন্ত অভিযোগকারী নারী কর্মীকেই চাকরিচ্যুত হতে হয়েছিল।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও করপোরেট প্রধানদের অতিরিক্ত মদ্যপান, অপব্যয় এবং জাঁকজমকপূর্ণ পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সরকার এটিকে কমিউনিস্ট পার্টির নীতি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি মনে করে। এ ঘটনায় চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘পিপলস ডেইলি’ এক কলামে প্রশাসনিক কর্মকর্তাদের নৈতিক অবক্ষয়ের কড়া সমালোচনা করেছে।

ওয়েইবো ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, পুরুষ নিয়ন্ত্রিত করপোরেট অঙ্গনে ব্যবসায়িক চুক্তি হাসিল করতে নারী সহকর্মীদের এসব ডিনারে যোগ দিতে এবং মদ্যপানে বাধ্য করা হয়। 

একটি পোস্টে এক ব্যবহারকারী মন্তব্য করেন, কাজের নামে নারীদের এখানে বলির পাঁঠা বানানো হয়। চাকরি হারানোর ভয়ে নারী কর্মীরা এসব অফিশিয়াল পার্টির আমন্ত্রণে ‘না’ বলতে পারেন না।

আইন কঠোর হলেও প্রয়োগের অভাবে চীনে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিচার পাওয়া এখনো বেশ কঠিন বলে মনে করেন অধিকারকর্মীরা। তবে হাংঝৌ শহরের সাম্প্রতিক এই ঘটনার পর একাধিক প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ পরিবেশ পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সিএনএন