মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর কি সত্যিই দেখা যায়, আর কী কী দেখা যায়?

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে বিশাল বিশাল শহর, নদী, সড়ক এমনকি রাতের বেলায় আলোকিত জনপদও চোখে পড়ে। অথচ পৃথিবীর অন্যতম দীর্ঘ স্থাপনা চীনের মহাপ্রাচীর সেখানে খালি চোখে সহজে শনাক্ত করা যায় না। অথচ কয়েক দশক ধরে প্রচলিত রয়েছে, মহাকাশ থেকে দেখা যায় এমন একমাত্র মানবসৃষ্ট স্থাপনা এই মহাপ্রাচীর। বিজ্ঞানীরা বলছেন, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শুধু চীনের মহাপ্রাচীর নয়, মহাকাশ থেকে আরও অনেক মানবসৃষ্ট স্থাপনা দেখা সম্ভব।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মহাকাশচারীদের পক্ষেও খালি চোখে মহাপ্রাচীর দেখা সাধারণত সম্ভব হয় না। আর চাঁদ থেকে এটি দেখার প্রশ্নই আসে না। কারণ, কোনো স্থাপনা কত দীর্ঘ, তার চেয়ে সেটি কতটা প্রশস্ত এবং আশপাশের পরিবেশ থেকে কতটা আলাদা, তা দৃশ্যমানতার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।

হাজার কিলোমিটার দীর্ঘ হয়েও আড়ালে মহাপ্রাচীর

চীনের মহাপ্রাচীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বিশাল বিস্তৃতি। বিভিন্ন সময়ে নির্মিত প্রতিরক্ষা দেয়ালগুলো মিলিয়ে এর মোট দৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার। কিন্তু এত দীর্ঘ স্থাপনা হওয়ার পরও মহাকাশ থেকে এটি সহজে চোখে পড়ে না।
এর অন্যতম কারণ, প্রাচীরটির অধিকাংশ অংশ বেশ সরু। পাশাপাশি নির্মাণে ব্যবহৃত মাটি ও পাথরের রং আশপাশের পাহাড়ি এলাকার সঙ্গে মিশে গেছে। ফলে ওপর থেকে তাকালে প্রাচীরটি আলাদা কোনো স্থাপনা হিসেবে চিহ্নিত করা কঠিন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকানের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলো ও আবহাওয়ার বিশেষ পরিস্থিতিতে মহাপ্রাচীরের কিছু অংশ শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও সাধারণভাবে খালি চোখে এটি দেখা যায় না।

মহাকাশে গিয়েও মহাপ্রাচীর খুঁজে পাননি চীনের প্রথম নভোচারী

প্রচলিত ধারণাটি যে কতটা বিভ্রান্তিকর, তার একটি উদাহরণ চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লিওয়েইয়ের অভিজ্ঞতা।
২০০৩ সালে মহাকাশে যাওয়ার পর তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, পৃথিবীর কক্ষপথ থেকে চীনের মহাপ্রাচীর দেখা যায় কি না। জবাবে তিনি জানান, মহাকাশ থেকে সেটি দেখতে পাননি।

তবে এর এক বছর পর মহাকাশ থেকে তোলা একটি ছবিতে মহাপ্রাচীরের অংশবিশেষ শনাক্ত করা সম্ভব হয়। ২০০৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারী লেরয় চিয়াও ছবিটি ধারণ করেন। এ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল টেলিফটো লেন্স। অর্থাৎ ছবিতে মহাপ্রাচীরের অস্তিত্ব ধরা পড়লেও খালি চোখে সেটি দেখার প্রমাণ মেলেনি।

মহাকাশ থেকে চোখে পড়ে যেসব মানবসৃষ্ট স্থাপনা

মহাপ্রাচীর নিয়ে প্রচলিত ধারণা ভুল হলেও মহাকাশ থেকে মানুষের তৈরি বিভিন্ন স্থাপনা দেখা যায়। বিশেষ করে বড় শহর ও বিস্তৃত অবকাঠামো পৃথিবীর কক্ষপথ থেকে সহজে নজরে আসে।
এর মধ্যে রয়েছে—

বড় শহর ও জনপদ: দিনের বেলায় নগরায়ণের বিস্তৃতি এবং রাতের বেলায় বৈদ্যুতিক আলোয় আলোকিত শহরগুলো স্পষ্টভাবে দেখা যায়।

মহাসড়ক ও সেতু: বিস্তৃত সড়ক নেটওয়ার্ক এবং বড় সেতুর অবস্থান অনুকূল পরিস্থিতিতে শনাক্ত করা সম্ভব।

বিমানবন্দর: রানওয়ে ও আশপাশের বিস্তৃত অবকাঠামো ওপর থেকে দৃশ্যমান হতে পারে।

বাঁধ ও জলাধার: বড় বাঁধ, কৃত্রিম হ্রদ এবং পানি সংরক্ষণাগারও মহাকাশ থেকে দেখা যায়।

কৃষিজমি ও নগরায়ণ: মানুষের তৈরি কৃষি অঞ্চল, পরিকল্পিত বসতি এবং ভূমির ব্যবহারেও ওপর থেকে স্পষ্ট পরিবর্তন চোখে পড়ে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী লাইভ সায়েন্সের ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুকূল আবহাওয়া ও আলোর পরিস্থিতিতে মিসরের গিজার পিরামিডের মতো ঐতিহাসিক স্থাপনাও মহাকাশচারীদের চোখে পড়তে পারে।

চাঁদ থেকে কি কোনো স্থাপনা দেখা সম্ভব?

পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে কিছু স্থাপনা দেখা গেলেও চাঁদ থেকে সেগুলো খালি চোখে শনাক্ত করা সম্ভব নয়। দূরত্ব অনেক বেশি হওয়ায় পৃথিবীর বিশাল স্থাপনাগুলোও চাঁদ থেকে অত্যন্ত ক্ষুদ্র দেখায়।

নাসার ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ থেকে পৃথিবীকে মূলত নীল, সাদা ও হলুদাভ রঙের একটি বিশাল গোলক হিসেবে দেখা যায়। সেখান থেকে চীনের মহাপ্রাচীর কিংবা অন্য কোনো নির্দিষ্ট মানবসৃষ্ট স্থাপনা আলাদা করে চেনা যায় না।

প্রচলিত মিথের পেছনের ইতিহাস

চীনের মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায়—এমন ধারণা আধুনিক মহাকাশ অভিযানের অনেক আগেই ছড়িয়ে পড়ে। ১৯৩২ সালে প্রকাশিত জনপ্রিয় প্রকাশনা ‘রিপলিজ বিলিভ ইট অর নট!’-এ মহাপ্রাচীরকে চাঁদ থেকে দৃশ্যমান একমাত্র মানবসৃষ্ট স্থাপনা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। পরে বিষয়টি বিভিন্ন বই, সংবাদমাধ্যম ও সাধারণ আলোচনায় জায়গা করে নেয়।

কিন্তু মহাকাশ অভিযান এবং নভোচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা সেই দাবিকে সমর্থন করেনি। বরং গবেষণায় দেখা গেছে, মহাকাশ থেকে কোনো স্থাপনা দৃশ্যমান হওয়ার বিষয়টি তার দৈর্ঘ্যের ওপর এককভাবে নির্ভর করে না।

সব মিলিয়ে, চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়—এমন দাবি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। তবে আধুনিক ক্যামেরা ও স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে এর বিভিন্ন অংশের ছবি ধারণ করা সম্ভব। আর মহাকাশ থেকে দেখা যায় এমন মানবসৃষ্ট স্থাপনার তালিকায় শুধু একটি নয়, রয়েছে অসংখ্য শহর, সেতু, সড়ক ও অবকাঠামো।

বিএইচবি
আরও পড়ুন