হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাসপাতালে চিকিৎসাধীন বহু শিশুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, প্রায় সাড়ে ৩টার দিকে হাসপাতালের তিন তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সময় অমরাবতী জেলা নারী হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল। আগুন লাগার পরপরই ধোঁয়া ও মারাত্মক দগ্ধ হয়ে তিন নবজাতকের মৃত্যু হয়।

এদিকে আগুন ছড়িয়ে পড়তেই চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মীরা দ্রুত ওয়ার্ডে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

জীবনরক্ষাকারী বিভিন্ন চিকিৎসাসরঞ্জাম বিচ্ছিন্ন করে দ্রুত নবজাতকদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

দমকল ও হাসপাতাল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও সংকটাপন্ন অবস্থায় থাকা ছয় নবজাতককে দ্রুত চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সূত্র: এনডিটিভি