সীমান্তে আকস্মিক বন্যা: তিব্বতে ড্রোন মোতায়েন করলো চীন

নেপাল ও চীনের সীমান্তবর্তী তিব্বতের জিরোং (গিরং) অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক প্লাবণে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে ড্রোন পর্যবেক্ষণ ও বিমান টহল জোরদার করেছে চীনের সামরিক বাহিনী।

চীনের সরকারি সংবাদমাধ্যম ও বিবিসির এক প্রতিবেদনে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে।

সামাজিক মাধ্যমে উঠে আসা চিত্রে দেখা গেছে, সীমান্তবর্তী এলাকায় কাদামাটি ও পানির তীব্র ঢল ভাসিয়ে নিয়ে গেছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা এবং অচল হয়ে পড়েছে সেখানকার বিদ্যুৎ সংযোগ।

দুর্যোগ মোকাবিলায় দ্রুত উদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ক্ষতিগ্রস্ত জোনে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি আকাশপথে দুর্গতদের সরিয়ে নেওয়া ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চালুকরণ চলছে। এ অভিযানে ব্যবহারের উদ্দেশ্যে তাদের পরিবহন বিমান, একাধিক হেলিকপ্টার ও অতিরিক্ত ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে সীমান্তের দুই পারে জোরকদমে উদ্ধার ও অনুসন্ধান কাজ পরিচালিত হচ্ছে।

এদিকে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর নেপাল অংশে নিখোঁজ পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫৭৯ জনে। নেপাল পুলিশের বরাতে জানা যায়, সন্ধান না পাওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ দেশের মোট ৪৬৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। বাকি ১১৩ জন স্থানীয় নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশি পর্যটকদের তালিকায় যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।