যুদ্ধক্ষেত্রে নতুন সক্ষমতা, ৩ ক্ষুদ্র ড্রোন উন্মোচন আইআরজিসির

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

আকাশ প্রতিরক্ষা ও শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলার জন্য নতুন তিনটি ক্ষুদ্র ড্রোন উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর মধ্যে একটি ড্রোন শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছে। বাকি দুটি কাছাকাছি দূরত্বে শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের মাশহাদে আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর প্রযুক্তিগত অর্জন প্রদর্শনীতে এসব ড্রোন প্রদর্শন করা হয়। ইরানি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উন্মোচিত তিনটি ড্রোনের মধ্যে প্রথমটির নাম ‘সায়েহ’ (ছায়া)। এটি ছোট আকারের চার-রোটরবিশিষ্ট ড্রোন, যা মূলত শত্রুপক্ষের ছোট ড্রোন শনাক্ত, ধাওয়া ও ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। ড্রোনটি বিভিন্ন পৃষ্ঠ থেকে উড্ডয়ন করতে পারে এবং আকাশে টহল দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বড় ড্রোন বা উড়োজাহাজ থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব।

সায়েহ ড্রোনে তাপীয় চিত্র ধারণের প্রযুক্তি রয়েছে, যার ফলে রাতের বেলা ও প্রতিকূল আবহাওয়াতেও এটি পরিচালনা করা যায়। এর পাল্লা ১০ কিলোমিটার, ওজন ২ কেজি এবং বহনক্ষমতা ১ কেজি। ড্রোনটির গতিবেগ ঘণ্টায় ৪৫০ থেকে ৬০০ কিলোমিটার এবং উড্ডয়নকাল প্রায় পাঁচ মিনিট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় ড্রোনটির নাম ‘ঘাসেদাক’ (ড্যান্ডেলিয়ন)। এটি এমন পরিবেশে আত্মঘাতী হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে, যেখানে ইলেকট্রনিক যুদ্ধের কারণে যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। স্বয়ংক্রিয় উড্ডয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে ড্রোনটি পরিচালকের সঙ্গে যোগাযোগ কিংবা জিপিএসের ওপর নির্ভরতা কমিয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে।

ঘাসেদাকের পাল্লা ৪০ থেকে ৫০ কিলোমিটার, ওজন ১৩ কেজি এবং বহনক্ষমতা ৩ কেজি। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার এবং উড্ডয়নকাল প্রায় ৪৫ মিনিট। বড় ড্রোন কিংবা উড়োজাহাজ থেকেও এটি উৎক্ষেপণ করা সম্ভব বলে জানিয়েছে তাসনিম।

উন্মোচিত তৃতীয় ড্রোনটি একটি ক্ষুদ্র আত্মঘাতী ড্রোন। এর নকশার সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি সুইচব্লেড ৩০০ ড্রোনের মিল রয়েছে। জিপিএস সংকেতবিহীন পরিবেশেও কার্যকর থাকার জন্য এতে স্বয়ংক্রিয় উড্ডয়ন ব্যবস্থা, ছবি বিশ্লেষণ ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা বাধাগ্রস্ত হলেও এটি পরিচালনা করা সম্ভব বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ড্রোনটির কার্যকর পাল্লা প্রায় ২০ কিলোমিটার, ওজন ২ দশমিক ৮ কেজি, সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার এবং উড্ডয়নকাল প্রায় পাঁচ মিনিট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-মায়াদিনও আইআরজিসির নতুন তিনটি ক্ষুদ্র ড্রোন উন্মোচনের খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জিপিএস ও যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতিতে কার্যকর থাকার সক্ষমতাকে গুরুত্ব দিয়ে এসব ড্রোন তৈরি করা হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত